অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম রাজেষ মন্ডল। এই নিয়ে জ্বরে আক্রান্ত হয়ে জেলায় চারজনের মৃত্যু হল। বেসরকারী মতে তা আরও বেশী। মৃত ওই যুবকের বাড়ি ইংরেজবাজার থানার বিনোদপুর গ্রামপঞ্চায়েতের মোবারকপুর এলাকায়।
জানা গিয়েছে, সে বেশ কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত হয়। বুধবার সকালে তার অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করে। পরিবারে শোকের ছায়া।
জেলা জুড়ে বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। ইতিমধ্যে শহরের দুই পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি কালিয়াচক, রতুয়া, চাঁচোল সহ একাধীক গ্রামে জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসার জন্য মালদা মেডিক্যালে ভর্তি হচ্ছে। তবে আক্রান্তর সংখ্যা এতটাই বেড়েছে যে হাসপাতালে পা রাখার জায়গা পর্যন্ত নেই। ফলে হাসপাতালের মেঝেতেই থাকতে হচ্ছে। তবে কোন উপায় নেই চিকিৎসা তো করতেই হবে।
জেলা স্বাস্থ্য দপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ জানান, শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ বেশকিছু জ্বরে আক্রান্ত রয়েছে সেই সব এলাকায় মশা নিধনের কাজ চলছে। ইতিমধ্যে মশা নিধনের জন্য জলাশয় গুলিতে মশার লার্ভা নিধনের জন্য মাছ ছাড়া হয়েছে ও ওয়ার্ড গুলিতে ধোঁয়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।